মো: নুরে ইসলাম মিলন,রাজশাহী ব্যুরো:
জীবনের শুরুতেই যারা হারিয়েছে বাবা-মায়ের স্নেহ, যাদের শৈশব কেটেছে অভাব, অনিশ্চয়তা ও নীরব কষ্টের ভেতর দিয়ে—সেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের সঙ্গে ইফতার করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পবা উপজেলার বায়া বাজার এলাকায় অবস্থিত একটি শিশু পরিবারে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন।
ইফতারের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে এতিম শিশুদের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষাজীবনের সাফল্য কামনা করে দোয়া করা হয়।
ইফতার শেষে এমপি মিলন বলেন, রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। পরিবারহীন শিশুদের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা তাঁর জন্য সৌভাগ্যের বিষয়। তিনি আরও বলেন, কোনো শিশু যেন নিজেকে একা মনে না করে—রাষ্ট্র ও সমাজ তাদের অভিভাবক হিসেবে পাশে আছে, এ বিশ্বাস তাদের মধ্যে গড়ে তুলতে হবে। শিশুদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানও জানান তিনি।
এমপি মিলন বলেন, এই শিশুরা কোনো বোঝা নয়; তারাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের শিক্ষা, চিকিৎসা ও দক্ষতা উন্নয়নে রাষ্ট্র, সমাজ ও বিত্তবানদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রের একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে এতিম শিশুদের সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন।
ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়া ইউসেফ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সাহেব আলী জানায়, এমপি তাদের সঙ্গে বসে ইফতার করায় সে খুব আনন্দিত। অপর শিশু ইদুল আলী জানায়, এমপি তাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন, যা তাকে অনুপ্রাণিত করেছে।
রমজানের পবিত্র আবহে আয়োজিত এই কর্মসূচি শুধু একটি ইফতার মাহফিলেই সীমাবদ্ধ ছিল না; এটি ছিল মানবিক দায়িত্ববোধ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অঙ্গীকারের একটি প্রতীকী বার্তা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।