মোহাম্মদ হোসেন হ্যাপী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করায় নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রায়হান কবির-কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচন সম্পন্ন করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, এবারের নির্বাচন আয়োজন ছিল একটি ‘মহা সাফল্য’। তাঁদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের ইতিহাসে এত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে কি না—তা নিয়েও প্রশ্ন রয়েছে। তারা উল্লেখ করেন, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সশস্ত্র বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে, যার ফলে নির্বাচন ছিল উৎসবমুখর ও নির্ভয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সামরিক ও আধা-সামরিক বাহিনী, বেসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, নির্বাচন বিভাগ, সরকারি-বেসরকারি দপ্তর, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
তিনি বলেন, সকলের অকুণ্ঠ সহযোগিতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ফলেই নারায়ণগঞ্জ জেলার নির্বাচন ইতিহাসের অন্যতম সুশৃঙ্খল, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচনে পরিণত হয়েছে। এ সফলতা কোনো একক ব্যক্তির নয়; বরং সম্মিলিত প্রচেষ্টার ফল।
অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং প্রশাসনের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।