এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পরিবেশ ধ্বংস ও জলাধার দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
গত ২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানটি চালানো হয় উপজেলার হিংগুলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জোরাগঞ্জ এলাকায়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় একজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি সরকারি বিধি-নিষেধ অমান্য করে জলাধার হিসেবে ব্যবহৃত একটি পুকুরে অবৈধভাবে মাটি ভরাট করছিলেন। এতে প্রাকৃতিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্ট পরিচালনা করে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন,
“অবৈধভাবে বালি উত্তোলন, পুকুর ভরাট ও খাল ভরাটে যারা জড়িত থাকেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সরকারি বিধি-নিষেধ অমান্য করে কেউ অন্যায় কাজে জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, পরিবেশ ও প্রাকৃতিক জলাধার রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে চলমান থাকবে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ পুকুর ও খাল ভরাটের কারণে এলাকায় জলাবদ্ধতা বাড়ছে এবং কৃষি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত এ ধরনের অভিযান চললে অবৈধ কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।