ঈদগাহ উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওতে ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া সাতঘড়িয়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারকে ঈদগাহ থানা পুলিশের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন।
গত (১১ এপ্রিল) শনিবার সকালে ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আবদুর রহমানের ছেলে শাহজাহানের টিন ও পলিথিনে নির্মিত বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারের নগদ অর্থ, খাদ্যসামগ্রী, আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সর্বস্ব ভস্মীভূত হয়।
থানা পুলিশের পক্ষ থেকে নগদ অর্থ, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং জামাকাপড় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, মানবিক দিক থেকেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। যেকোনো দুর্যোগে আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
তিনি আরও জানান, এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।