আড়াইহাজারে সংসদ সদস্য প্রার্থীসহ কর্মীদের ওপর হামলার অভিযোগ

মনিরুল ইসলাম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-০২ (আড়াইহাজার) আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণার সময় সংসদ সদস্য প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। (২৭ জানুয়ারি ২০২৬) দুপুরে গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক স্বাক্ষরিত এক লিখিত অভিযোগে জানানো হয়, ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার সমর্থনে মহিলাদের একটি গণসংযোগ কর্মসূচি চলাকালে বিএনপির স্থানীয় নেতাদের নেতৃত্বে কতিপয় উচ্ছৃঙ্খল সন্ত্রাসী হামলা চালায়।
অভিযোগপত্রে বলা হয়, সংবাদ পেয়ে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হলে তার ওপরও হামলা করা হয়। প্রার্থীকে লাঞ্চিত করা হয় এবং তার সঙ্গে থাকা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়। এতে মেহেদী হাসান অর্ণব, মিরাজ মাহমুদ, মেহেদী হাসান অন্তর, শাফিল আহমদ, মুফতী মাহমুদ আব্বাসী, মেহেদী হাসান, কাজী মারুফ ও মাহবুব জোবায়েরসহ ১০ জন নেতা-কর্মী আহত হন।
আহতদের মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়।
অভিযোগপত্রে মোরশেদ, খোরশেদ (উভয়ের পিতা মৃত ফজর আলী), মহসিন (পিতা অজ্ঞাত) ও ছগির হোসেন (পিতা মৃত ডেঙ্গুর আলী) নামে চারজন বিএনপি নেতার নাম উল্লেখ করে তাদের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। সবাই মোল্লার চর এলাকার বাসিন্দা বলে জানানো হয়।
প্রধান নির্বাচনী এজেন্ট অধ্যাপক আজিজুল হক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে পাঠানো অভিযোগপত্রে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জানানো হয়, অভিযোগপত্র পাওয়ার পর যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী কোনো প্রকার সহিংসতা বরদাশত করা হবে না বলেও জানানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *