আব্দুর রশিদ:
আশাশুনিতে অবৈধভাবে মজুদ করা আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার শ্রীউলার নাকতাড়া কালিবাড়ি বাজারের মারুফা খাতুনের মুদির দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মুদি ব্যবসায়ী মারুফা খাতুনের দোকানের পেছনে কৌশলে ৪টি ড্রামের মধ্যে মজুদ রাখা ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। মারুফা খাতুন বকচরা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, মোঃ তাওহিদুল হাসান ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান, মারুফা খাতুন ৪ ড্রাম পেট্রোল অবৈধভাবে মজুদ রেখে বেশি মূল্যে বিক্রি করছেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
জব্দকৃত পেট্রোল উপস্থিত মোটরসাইকেল চালকদের মধ্যে ৫ লিটার করে ৬০০ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে। বিক্রির সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এছাড়া আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় দোকানিকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।