মোঃ আনজার শাহ :
ওয়ারী টিকাটুলী ফ্লাট মালিক সোসাইটির উদ্যোগে প্যারামাউন্ট কনকর্ড ১৫ তলায় অনুষ্ঠিত অব্যর্থনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৬ সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন মোঃ সাব্বির আহমেদ আরেফ। টিকাটুলী ফ্ল্যাট মালিক সোসাইটির আহ্বায়ক আব্দুল বারিক মুকুল, সদস্য সচিব আদনান মাহমুদ রুপম, যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম কামাল,শ্রীমৎ প্রাণবন্ধু ব্রাহ্মচারী সেবায়েত শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু মহাপ্রকাশসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “৫ আগস্টের আগে আমার কোনো ক্ষমতা ছিল না। তখন রাজপথে আন্দোলনের মাধ্যমে চেষ্টা করলেও অনেক কাজ করা সম্ভব হয়নি। তবে যদি আল্লাহ আমাকে ভবিষ্যতে সুযোগ দেন, আমি চাঁদাবাজি, মাদকমুক্ত,দখল ও অবৈধ প্রভাব থেকে মুক্ত সমাজ গড়তে চাই।”
তিনি আরও উল্লেখ করেন, “আমার লক্ষ্য রাস্তাঘাট সংস্কার, নিরাপদ যানজট ব্যবস্থাপনা, পানিসম্পদ সঠিক ব্যবহার এবং স্থানীয় অবকাঠামোর উন্নয়ন। জনগণের আস্থা ও সহযোগিতা থাকলে আমরা একটি নিরাপদ, স্বচ্ছ ও সুশৃঙ্খল ঢাকা গড়ে তুলতে পারব।”
টিকাটুলী ফ্ল্যাট মালিক সোসাইটির আহ্বায়ক আব্দুল বারিক মুকুল বলেন, “আজকের মতবিনিময় সভা আমাদের সদস্যদের মধ্যে সম্প্রীতি এবং সংহতি বৃদ্ধি করেছে। আমরা আশাবাদী যে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে ঢাকা-৬ এলাকা একটি নতুন উন্নয়নের অধ্যায়ের মুখ দেখবে।”
বিশেষ অতিথি মোঃ সাব্বির আহমেদ আরেফ বলেন, “এ ধরনের সভা স্থানীয় জনগণ ও উন্নয়ন পরিকল্পনার মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এটি জনগণের আশা ও চাহিদার সঙ্গে নীতিনির্ধারণী কার্যক্রমকে যুক্ত করার সেরা মাধ্যম।”
সভায় উপস্থিত সদস্যরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পরিকল্পনা ও প্রতিশ্রুতিকে উৎসাহভরে স্বাগত জানান। তারা বলেন, “আমরা চাই আমাদের এলাকায় নিরাপদ পরিবেশ, দখলমুক্ত এলাকা এবং উন্নত রাস্তাঘাটের মাধ্যমে জীবনমান বৃদ্ধি হোক। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মতো নেতা থাকলে আমরা এগিয়ে যেতে পারব।”
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আরও বলেন, “আমাদের লক্ষ্য একটিমাত্র — জনগণের আস্থা অর্জন করা এবং এলাকার সকল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া। চাঁদাবাজি, দখল ও অন্যায়কে আমরা কখনো মেনে নেব না। উন্নয়ন এবং নাগরিক সেবা আমাদের মূল অগ্রাধিকার।”
সভা শেষে সকল অতিথি ও সদস্যরা একযোগে এলাকার উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করেন। তারা আশ্বাস দেন, টিকাটুলী ফ্ল্যাট মালিক সোসাইটির উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আশা ও বিশ্বাসের সঞ্চার করবে।
এ মতবিনিময় সভা কেবল সদস্যদের জন্য নয়, বরং ঢাকার অন্যান্য এলাকায় সমাজকল্যাণমূলক নীতি এবং নেতৃত্ব প্রদানের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের উপস্থিতি ও বক্তব্য সদস্যদের মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনা সঞ্চার করেছে এবং স্থানীয় উন্নয়নের জন্য নতুন প্রত্যাশা জাগিয়েছে।