স্বাধীন সংবাদ ডেস্ক:
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল সদস্যদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর শহীদ কর্নেল নকীব হলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান এ আহ্বান জানান।
সেনাবাহিনী প্রধান সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া অভ্যর্থনা জানান।
সম্মেলনে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল অধিনায়কগণের উদ্দেশ্যে বক্তব্যে রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় রেজিমেন্টের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “প্রতিটি সদস্যকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে এবং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।”
এছাড়া, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনায় সেনাবাহিনী প্রধান রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি কর্মকর্তাদের প্রেরণা যোগানোর পাশাপাশি দেশের নিরাপত্তা ও সামরিক প্রস্তুতিতে রেজিমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার ও রাজশাহী স্টেশনে কর্মরত সকল অফিসারবৃন্দ; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের সকল ইউনিটের অধিনায়কগণ এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী প্রধানের এই আহ্বান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের জন্য একটি প্রেরণাদায়ক বার্তা হিসেবে ধরা হচ্ছে, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সামরিক সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।