স্টাফ রিপোর্টার:
ঢাকা-৭ আসনের কামরাঙ্গীরচর থানাধীন ৫৬ নম্বর ওয়ার্ডের ফ্যান ফ্যাক্টরি ঘাটে পুনরায় টোল আদায় শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রতিদিন যাতায়াতকারী হাজারো সাধারণ মানুষ। খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঘাটের উপর নির্ভরশীল হলেও নতুন করে টোল আরোপ তাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে।
এই ঘাট দিয়ে প্রতিদিন কামরাঙ্গীরচর থেকে কেরানীগঞ্জের খাগাইল এলাকায় যাতায়াত করেন বিপুল সংখ্যক মানুষ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিগত সরকার আমলে দীর্ঘদিন ধরে এই ঘাটটি ইজারা দেওয়া হয়নি এবং টোল আদায় কার্যক্রম বন্ধ ছিল। এতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে যাতায়াত করতে পারতেন।
কিন্তু সম্প্রতি আবারও টোল আদায় শুরু হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, “আমরা গরিব মানুষ, প্রতিদিন এই ঘাট দিয়ে যাতায়াত করি। আগে কোনো টোল ছিল না, এখন হঠাৎ করে টোল দিতে হচ্ছে। এতে আমাদের দৈনন্দিন খরচ বেড়ে গেছে।”
আরেকজন ভুক্তভোগী বলেন, “শুধু টোল নেওয়াই নয়, যারা ঘাট পরিচালনা করছে তাদের আচরণও খুব খারাপ। সামান্য কারণে যাত্রীদের সঙ্গে রূঢ় আচরণ করে, অনেক সময় অপমানজনক কথাও বলে।”
স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হয়, যার একটি বড় অংশই নিম্ন আয়ের শ্রমজীবী। তাদের জন্য প্রতিদিনের এই অতিরিক্ত টোল ব্যয় একটি বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, গরিব মানুষের কথা বিবেচনা না করেই এই টোল আদায় চালু করা হয়েছে। তারা মনে করেন, এটি সম্পূর্ণ জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, “যেখানে পূর্বে টোল বন্ধ ছিল, সেখানে আবার টোল চালু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, এই ঘাটটি ইজারা না দিয়ে আগের মতোই টোলমুক্ত রাখা হোক।”
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে এলাকাবাসী বলেন, তিনি যদি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে হাজারো গরিব মানুষের কষ্ট লাঘব হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীগণ