মোঃ ফেরদৌস হোসেন :
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম–৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের ইবি রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তির সোপানে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা বিএনপি, সদর থানা বিএনপি, শহর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা নির্বাচনী গণসংযোগকালে প্রার্থীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।