স্বাধীন সংবাদ ডেস্ক:
গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এবং তাঁর প্রয়াত স্ত্রীর গ্রন্থ প্রকাশনা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, “দেশপ্রেমিক সব শক্তিকে এখন এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে, যাতে এ বিজয়ের জন্য দেওয়া আত্মত্যাগ বৃথা না যায় এবং একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।”
অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে ‘এক অসামান্য ব্যক্তিত্ব ও দূরদর্শী চিন্তাবিদ’ হিসেবে উল্লেখ করে তিনি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ড. মাহবুব উল্লাহ শুধু একজন শিক্ষাবিদ নন, তিনি নাগরিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক অর্থনীতির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ রূপরেখা প্রণয়নে তাঁর চিন্তাভাবনা ও তাত্ত্বিক অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ড. মাহবুব উল্লাহর প্রকাশিত গ্রন্থাবলীতে জাতির ভবিষ্যৎ নিয়ে তাঁর আদর্শ, চিন্তা ও স্বপ্নের প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে।
অনুষ্ঠানের শেষ দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাপক ড. মাহবুব উল্লাহর জন্মদিনে শুভেচ্ছা জানান। পাশাপাশি তাঁর ছোট মেয়ের জন্মদিনেও শুভকামনা জানান তিনি। এছাড়া উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব।