আবুল বাশার পলাশ:
গাজীপুর মহানগরের ৪১ নং ওয়ার্ডের ভাদুন সংলগ্ন বাড়ই বাড়ি এলাকার সোড়ল মৌজায় দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমি কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে গভীরভাবে জমি খুঁড়ে প্রতিদিন প্রায় ১৫টি ড্রাম ট্রাকে করে মাটি অন্যত্র বিক্রি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌজা সোড়ল, গ্রাম বাড়ই বাড়ি (ভাদুন সংলগ্ন) এলাকায় কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন উর্বর কৃষি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।
অভিযোগ রয়েছে, এ বিষয়ে একাধিকবার গাজীপুর সদর এসিল্যান্ড অফিসের অধীনস্থ পূবাইল ভূমি অফিসকে অবগত করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একইভাবে সংশ্লিষ্ট গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানাকেও অবহিত করা হলে কার্যত কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
এছাড়া ড্রাম ট্রাকের মাধ্যমে নিয়মিত মাটি পরিবহনের ফলে এলাকার সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। ভারী যানবাহনের চাপ সহ্য করতে না পেরে অনেক স্থানে রাস্তা ভেঙে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ।
এ ঘটনায় কয়েকজন ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তারা হলেন— বিলেশাড়া গ্রামের শফীকুল (পিতা: শহীদ মিয়া), ভাদুন গ্রামের ফারহাদ মন্ডল (পিতা: মনির মণ্ডল), বিলেশাড়া গ্রামের টিটু (পিতা: শফিকুল ইসলাম কাঞ্চন) এবং রানা ভুইয়া (পিতা: চান মিয়া)।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবং অবৈধ মাটি কাটা বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে সচেতন মহল বলছেন, কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি সড়ক রক্ষায় ভারী যানবাহন চলাচলের বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।