চকরিয়া আমজাদিয়া কামিল মাদ্রাসা ও সড়ক বিভাগের জমি দখলের অভিযোগ-

চকরিয়া উপজেলা প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ উঠেছে জামায়াত নেতা গোলাম মোস্তফা কাইছারের বিরুদ্ধে।

জানা যায়, লক্ষ্যারচর মৌজার আর.এস ১৫১৪ নং খতিয়ানের ১৯৬২/ব ৬৮ নং দাগের ৪৭ শতক জমি এল.ও মামলা নং ১৬/৬৩ (১৯৫৪-৫৫) এর মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগ অধিগ্রহণ করে। পরবর্তীতে ১৯৬৪ সালে আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি উক্ত জমি মাদ্রাসার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এতদিন পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত এই জমির কোনো অংশ অন্য কারও নামে বিএস রেকর্ড হয়েছে—এ বিষয়ে স্থানীয় জনগণ ও মাদ্রাসা কর্তৃপক্ষ অবগত ছিলেন না।

অভিযোগ রয়েছে, সম্প্রতি সরকারি অফিস-আদালত বন্ধ থাকার সুযোগে এবং সড়ক ও জনপদ বিভাগের নোটিশকে উপেক্ষা করে গোলাম মোস্তফা কাইছার বলপ্রয়োগের মাধ্যমে মাদ্রাসার মাঠ ও সড়ক বিভাগের জায়গা দখল করে সেখানে অবৈধভাবে দেয়াল নির্মাণ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বা তার পিতা-মাতার নামে উক্ত জমির কোনো বৈধ বিএস রেকর্ড নেই। তবে তার চার মামার নামে সড়ক বিভাগের অধিগ্রহণকৃত জমির কিছু অংশে কৌশলে বিএস খতিয়ান করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে, জমিটি চকরিয়া আমজাদিয়া কামিল মাদ্রাসার সম্মুখে অবস্থিত হওয়ায় রাতারাতি গোপনে দখল ও দেয়াল নির্মাণের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সাবেক আওয়ামী লীগ এমপি জাফরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত গোলাম মোস্তফা কাইছার অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি জামায়াতের নেতা পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতার সহযোগিতা ও মদদ পাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *