চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ০২টি বিদেশী ওয়ান শুটার গান ও ০৯ রাউন্ড গুলি উদ্ধার 

মোঃ মাহমুদুল হাসান:

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ০২ টি বিদেশী ওয়ান শুটার গান ও ০৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামে আমবাগান থেকে মালিকবিহীন অবস্থায় সেগুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

 

শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন,বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর বিওপির টহল দল ০২ টি বিদেশী ওয়ান শুটার গান ও ০৯ রাউন্ড গুলি উদ্ধার করে।

 

প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্র গুলো দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

 

তিনি আরও বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সীমান্ত দিয়ে অস্ত্র,গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের সম্ভাবনা থাকায় ০২ মাস যাবত এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল তৎপরতাসহ কঠোর নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

ফলে গত ০৬ মাসে ০৬ টি বিদেশী অস্ত্র ওয়ান শুটার গান,১২টি গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা।

 

বৃহস্পতিবার উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি আইনানুগভাবে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *