চার দিন পর কক্সবাজার সদর হাসপাতালের লিফটের নিচে মিলল নিখোঁজ নারীর মরদেহ

মোহাম্মদ হোসেন সুমন:

চার দিন ধরে নিখোঁজ থাকার পর কক্সবাজার সদর হাসপাতালের ভেতর থেকে কোহিনুর আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের একটি লিফটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হলে পুরো হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত কোহিনুর আক্তার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার বাসিন্দা এবং কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে চিকিৎসা-সংক্রান্ত কাজে কক্সবাজার সদর হাসপাতালে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হন কোহিনুর আক্তার। এরপর তার স্বজনরা হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

নিখোঁজের চার দিন পর শনিবার হাসপাতালের একটি লিফটের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হাসপাতালের ভেতরে এমন ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদের দাবি, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভেতরে একজন মানুষ নিখোঁজ হওয়ার পরও যথাযথ তদারকি ও অনুসন্ধান না হওয়ায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়দের মতে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বশীলতার বিষয়ে প্রশ্ন উঠেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *