মোঃ আনজার শাহ:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নেতা রায়হান আল মাহমুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য রিটা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী। এ ছাড়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদসহ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে মুক্তিযোদ্ধা প্রজন্মের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।
বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মকে পূর্ণাঙ্গভাবে সংগঠিত করে শক্তিশালী ও গতিশীল রূপ দিতে মুক্তিযোদ্ধাদের অবদান অপরিহার্য। তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিবছর এ ধরনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন অব্যাহত রাখা উচিত — যা সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতারা দাবি জানান, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কমিটি দ্রুত অনুমোদনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, শিগগিরই এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবে এবং সংগঠনকে তৃণমূল পর্যন্ত আরও বিস্তৃত ও কার্যকর করা সম্ভব হবে।
সভায় উপস্থিত নেতাকর্মীরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতারের আগে দেশ, জাতি ও প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।