হাসান আলী:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মাতা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এসব কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত কর্মসূচির প্রথম পর্বে আগামী ১০ জানুয়ারি ২০২৬, শনিবার সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করবেন এবং তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করবেন।
এছাড়া একই দিন দ্বিতীয় কর্মসূচি হিসেবে স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগর উত্তর এর সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসীদের দ্বারা গুলি করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ জানানো হবে। এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত উল্লেখ করে স্বেচ্ছাসেবক দল জানিয়েছে, খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়, দেশে বিরোধী দল ও গণতান্ত্রিক আন্দোলন দমনের অংশ হিসেবেই একের পর এক রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড তারই একটি জঘন্য উদাহরণ। এই হত্যার মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে স্বেচ্ছাসেবক দলের আন্দোলন দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান ঘোষিত কর্মসূচি দুটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেন, দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করাই হবে আজিজুর রহমান মুসাব্বিরের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
উল্লেখ্য, ঘোষিত কর্মসূচিসমূহ যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পালনের জন্য সংশ্লিষ্ট সকল ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।