মোহাম্মদ হোসেন হ্যাপী:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে ১৪ জানুয়ারি ২০২৬ (বুধবার) বিকেলে** ফতুল্লা মডেল থানাধীন **ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন,
“একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোটের মাধ্যমে জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ পায়, যা গণতন্ত্রের অন্যতম মূল ভিত্তি।”
তিনি আরও বলেন,
“৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় কিছু সংস্কারমূলক সিদ্ধান্ত সরাসরি জনগণের মতামতের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। সেই কারণেই জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে।”
জেলা প্রশাসক জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন,
“এর আগে ভোট দেওয়ার উপযুক্ত পরিবেশ অনেক সময় ছিল না। এবার জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। ‘হ্যাঁ’ বা ‘না’—যেটিতেই ভোট দেবেন, সেটি সম্পূর্ণ আপনাদের নিজস্ব সিদ্ধান্ত। প্রশাসন শুধু আপনাদের ভোটাধিকার প্রয়োগে সচেতন করতেই এখানে উপস্থিত।”
সভায় আরও বক্তব্য রাখেন ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এসিল্যান্ড আসাদুজ্জামান নুর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাছিনুর রহমান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সেলিম মিয়া, ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভোটারদের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে যে কোনো ভ্রান্ত ধারণা দূর করে সঠিক তথ্য পৌঁছে দেওয়া জরুরি। তারা ভোটাধিকার প্রয়োগে জনগণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সচেতন করতে এলাকায় বিভিন্ন প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।