টঙ্গী ব্যাংকের মাঠ বস্তির একাধিক মামলার আসামী শীর্ষ মাদক সম্রাজ্ঞী মোমেলা গ্রেফতার

মোঃ মুজাহিদুল ইসলাম:

গাজীপুর মহানগর টঙ্গীর আলোচিত মাদক কারবারি মোমেলা আক্তারকে (৪৫) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রবিবার (২রা নভেম্বর ২০২৫ ইং) গভীর রাতে টঙ্গী ব্যাংকের মাঠ বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী মোমেলা ওই বস্তির মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মাদকের মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার (২৫ অক্টোবর) রাতে মোমেলার বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোমেলা কৌশলে পালিয়ে যায়। পরে তার ঘর তল্লাশি করে ৪০০ ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার এএসআই মাজাহারুল হক বাদী হয়ে মোমেলার বিরুদ্ধে মামলা দায়ের করেন, টঙ্গী পূর্ব থানার মামলা নং ৫৫(১০)২৫। তারপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ব্যাংকের মাঠ বস্তির একটি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, টঙ্গীর নারী মাদক কারবারিদের মধ্যে শীর্ষে রয়েছে মোমেলা বেগমের নাম। প্রায় দুই দশকের মাদক ব্যবসা করে তিনি গড়েছেন বহুতল আলিশান বাড়ি, বিপুল অর্থ ও সম্পদ। এই শীর্ষ মাদক কারবারি মোমেলাসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়তই সংবাদ প্রকাশিত হয়ে আসছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে আইনশৃঙ্খলা বাহিনীর টনক নড়ে। এতে তারা অভিযান পরিচালনা করেন এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারও করেন। কিন্তু রহস্যজনক কারণে তারা জামিনে এসে আবারও শুরু করেন মাদক ব্যবসা। এই মাদকের হাত থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, মোমেলাকে গ্রেফতার করে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *