সূর্য আহমেদ মিঠুন:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনেই বইছে নির্বাচনী হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। এর মধ্যে অন্যতম আলোচিত নারায়ণগঞ্জ-৩ আসন। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান তার নির্বাচনী এলাকা সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে নেতাকর্মীদের নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) সোনারগাঁও পৌরসভার দরপত ঈদগাহ মাঠে এক নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “আমি কখনো নেতা হওয়ার চিন্তা করে রাজনীতি করিনি। নেতা হয়ে নয়, আপনাদের ভালোবাসা নিয়ে সব সময় পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অনেক বিচার-বিশ্লেষণ করে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করেছেন তিনি। এখন আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট ধানের শীষে দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তবে ইনশাআল্লাহ সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সাথে সোনারগাঁর সব সমস্যার সমাধান করা হবে। বিশেষ করে মা-বোনদের বৈধ গ্যাস সংযোগের ন্যায্য দাবি পূরণ করা আমার অন্যতম লক্ষ্য হবে।”
সভাসূত্রে জানা যায়, সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানার সার্বিক তত্ত্বাবধানে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, আব্দুল হানিফ, সোনারগাঁও যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ এবং যুবদল নেতা রাকিব হাসান, সালেহ মুসা, আল-আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।