মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে র্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড ও ভূমিকম্প সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অনুষ্ঠানটি জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ত্রাণ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ যৌথভাবে বাস্তবায়ন করে।
“দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “আমরা দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকব। বিশেষ করে নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চল এলাকায় শিল্প কারখানায় দুর্ঘটনা বা দুর্যোগের সম্ভাবনা মোকাবিলায় যথাযথ প্রস্তুতি রাখা জরুরি। এখানে হাজার হাজার মিল-ফ্যাক্টরি রয়েছে, তাই আমাদের সচেতনতা বৃদ্ধি করা আবশ্যক।”
ডিসি আরও বলেন, “উন্নত রাষ্ট্রে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের গাড়ির সাইরেন শুনলেই অন্যান্য যানবাহন পথ সরিয়ে দেয়। আমাদেরও সচেতন হতে হবে। সচেতন থাকলে বড় ধরনের বিপদ ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব।”
অনুষ্ঠানে বিভিন্ন প্রতীকি মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, স্কাউট এবং জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা। এছাড়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিস্টেম ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আফরিন।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির আশা প্রকাশ করেন, এসব মহড়া ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণ আরও সুপ্রস্তুত হবে এবং সম্ভাব্য বিপদের ক্ষেত্রে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।