সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জ জেলার সংসদীয় আসন ৩-এর এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করলেন। তার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে হাসপাতালটিতে একটি আধুনিক ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে সংসদ সদস্যের পক্ষ থেকে তার পুত্র এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুবের হাতে এই মেশিনটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
ইসিজি মেশিন হস্তান্তরের পর খাইরুল ইসলাম সজিব হাসপাতালের সার্বিক চিকিৎসা পরিস্থিতি নিয়ে ডা. সুমাইয়া ইয়াকুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি হাসপাতালের পুরোনো ভবনের ক্ষতিগ্রস্ত বা জীর্ণ অংশগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কারের বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে তিনি সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তারা সঠিক সময়ে মানসম্মত চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় খাইরুল ইসলাম সজিব বলেন, সোনারগাঁয়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এমপি মহোদয়ের অন্যতম অগ্রাধিকার। ইসিজি মেশিনের অভাবে হৃদরোগের প্রাথমিক পরীক্ষা করতে রোগীদের যেন বাইরে যেতে না হয়, সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও হাসপাতালের উন্নয়নে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।
হাসপাতাল কর্তৃপক্ষ সংসদ সদস্যের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক এই ইসিজি মেশিনটি সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাসপাতালের চিকিৎসক-নার্সরা উপস্থিত ছিলেন।