মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও পবিত্র ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ১১টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, র্যাব-১১ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাফি বিন কবির, এনএসআই কর্মকর্তা দাদন মুন্সি, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, পিপি আবুল কালাম আজাদ জাকির, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন, এনসিপির কেন্দ্রীয় সদস্য জাবেদ আলম, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ মাদকদ্রব্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।
সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যদের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ফুলেল শুভেচ্ছা জানান। পরে সংসদ সদস্যরা শুভেচ্ছা বক্তব্য দেন।
সভায় জেলার চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলাগুলো চিহ্নিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলা পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদকদ্রব্যের বিস্তার রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধে করণীয়, নৌপথের নিরাপত্তা ও যানজট নিরসনসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, অপরাধী বা মাদক ব্যবসায়ী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাই প্রতিরোধ, যানজট নিরসন, অবৈধ গ্যাস সংযোগ বন্ধ, হকার উচ্ছেদ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জোরদার পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর মার্কেট, সড়ক ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।