মোহাম্মদ হোসেন হ্যাপী:
তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন জোরদার করতে নারায়ণগঞ্জে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ, সহযোগিতায় ছিল জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম।
প্রশিক্ষণ কর্মশালায় তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ, তথ্য প্রাপ্তির নির্ধারিত প্রক্রিয়া, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। বক্তারা বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে সরকারি সেবায় জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে।
এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাস্তব প্রয়োগে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তথ্য অধিকার আইন বাস্তবায়ন আরও গতিশীল হবে এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা সহজতর হবে।