মোহাম্মদ হোসেন হ্যাপী:
০৯ এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখে “স্কাউটিং করব, সুন্দর জীবন গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ৯ম নারায়ণগঞ্জ জেলা স্কাউট সমাবেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি জেলা পর্যায়ে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ রায়হান কবির। তিনি আনুষ্ঠানিকভাবে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন এবং স্কাউটিং কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা এবং মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্ব আরোপ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আলীনুর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, জেলা প্রশাসনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ, নারায়ণগঞ্জ জেলা স্কাউট কমিশনার ফজলুল হক ভূইয়া মন্টুসহ বিভিন্ন পর্যায়ের স্কাউট সংগঠক এবং স্কাউট শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে। তিনি বলেন, সমাজ ও দেশের উন্নয়নে স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকে না, বরং বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়, যা ভবিষ্যৎ জীবন গঠনে সহায়ক ভূমিকা রাখে।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, এ ধরনের সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা, সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবে এবং ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন বলেন, স্কাউটিং একটি আদর্শ শিক্ষাব্যবস্থা, যা শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়তা করে। তিনি অংশগ্রহণকারী স্কাউটদের নিয়ম-শৃঙ্খলা মেনে কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশটি সৈয়দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, ক্যাম্পিং, দক্ষতা উন্নয়ন সেশন ও সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আয়োজকরা জানান, এ ধরনের বৃহৎ স্কাউট সমাবেশ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বগুণ এবং দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।