মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী পিঠা উৎসব।
সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও থারম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক।”
শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কলেজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগিতার ঘোষণা দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য একটি বাস প্রদান এবং আধুনিক শিক্ষা কার্যক্রম জোরদারে একটি কম্পিউটার ল্যাব স্থাপনে অনুদান দেওয়ার আশ্বাস দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রায় ১৫ হাজার শিক্ষার্থী নিয়ে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ জেলার নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
এ সময় আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাবেরা তাহমিনা এবং তোলারাম কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।
দিনব্যাপী আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশনের পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির নানা উপাদান মঞ্চে তুলে ধরেন। রঙিন পোশাক, নৃত্যের ছন্দ ও সুরেলা গানের মাধ্যমে মঞ্চজুড়ে ফুটে ওঠে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রাণবন্ত উপস্থিতি, যা দর্শকদের মুগ্ধ করে।