মোহাম্মদ হোসেন হ্যাপী:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় নিয়োজিত শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা একটি শহরকে বাসযোগ্য ও সুস্থ পরিবেশে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই নগরবাসী প্রতিদিন পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পান। তিনি আরও বলেন, “ঈদের মতো আনন্দঘন মুহূর্তে এই শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
তিনি পরিচ্ছন্নতাকর্মীদের কাজের প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করে বলেন, তাদের অবদান সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্র তাদের পাশে রয়েছে।
এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মোট ১,১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫৬ লাখ ৭৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। অনুদানের চেক হাতে পেয়ে কর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন এবং পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকরা জানান, ঈদকে সামনে রেখে নিম্নআয়ের কর্মীদের সহায়তায় এ ধরনের মানবিক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত আকারে পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে উৎসাহ ও প্রেরণা যোগাবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।