নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নাফ পরিবহন মিনিবাসে আগুন

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে ওই সময় বাসের ভেতরে কোনো লোকজন না থাকায় কেউ হতাহত হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাফ পরিবহনের মিনিবাসটি (ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮) শুক্রবার রাত থেকে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে পার্কিং করা ছিল। চালক বাসটি সেই স্থানে রেখে চলে যান। শনিবার ভোর ছয়টার দিকে হঠাৎ বাসটিতে আগুন লাগতে দেখা যায়। আগুনে বাসের বডি, সিট, ভেতরের অংশ এবং জানালার কাঁচ পুরোপুরি পুড়ে যায়। খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডটি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে নাকি কোনো ধরনের নাশকতা, এ বিষয়ে পুলিশ বা ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিমরাইল হাইওয়ে পুলিশের টিআই জুলহাস উদ্দিন বলেন, “সেখানকার নৈশ প্রহরী বাবুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানিয়েছেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের ওয়াশরুমে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাসে আগুন লেগেছে। বাসের বডি, সিট এবং জানালার কাঁচ পুরোপুরি পুড়ে গেছে। আশপাশে কোনো মানুষ ছিলেন না।”

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “অগ্নিকাণ্ডে বাসের সিট ও গ্লাস পুড়ে গেলেও ভেতরে কোনো মানুষ না থাকায় প্রাণহানি হয়নি। যাত্রী বা চালক কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকেও রক্ষা পাওয়া গেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানিয়েছেন, পার্কিং এলাকায় এ ধরনের অগ্নিকাণ্ডে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত নজরদারি প্রয়োজন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, উপযুক্ত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এমন ঘটনা বড় ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সতর্ক পদক্ষেপের জন্য এলাকাবাসী তাদের ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *