নেত্রকোনার বারহাট্টায় সাবেক ইউপি সদস্যের দাপটে অতিষ্ঠ গ্রামবাসী

  1. নাছিমা খাতুন সুলতানা:

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় সাবেক ইউপি সদস্য সাইকুল ইসলাম ও তার সহযোগীদের দাপটে নিরীহ গ্রামবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। একের পর এক হামলা, মারধর, জমি দখল ও প্রাণনাশের হুমকিতে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। অভিযোগ উঠেছে, এসব ঘটনার পরও প্রশাসনের ভূমিকা রহস্যজনকভাবে নীরব।

ভুক্তভোগী মোছাঃ নাছিমা খাতুন সুলতানা জানান, বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের মৃত চানফর মড়লের ছেলে সাবেক ইউপি সদস্য সাইকুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ও সন্ত্রাসী শক্তি ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন।

### জমিতে কাজ করতে গিয়ে নির্মম হামলা

সূত্র জানায়, গত **৩১ জানুয়ারি ২০২৫** সকাল আনুমানিক ১১টার দিকে একই গ্রামের জয়নাল মিয়া জমি চাষ করতে গেলে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সাইকুল ইসলাম ও তার সহযোগীরা তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় জয়নাল মিয়াকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়।

জয়নালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

### মামলা হলেও বাড়ছে হুমকি

এ ঘটনায় আহত জয়নালের স্ত্রী মোছাঃ কুলসুমা আক্তার (৫৮) বাদী হয়ে বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মোঃ সাইফুল ইসলামসহ চারজনকে আসামি করা হয়। পরে থানার এসআই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং **মামলা নং ০২/১৩** হিসেবে মামলা রেকর্ড হয় (তারিখ: ৪ ফেব্রুয়ারি ২০২৫)।

চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় জয়নাল মিয়া কিছুদিন পর বাড়িতে ফিরে যান। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনি মৃত্যুবরণ করেন। এ মৃত্যুকে ঘিরে পুরো গ্রামজুড়ে তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

### সাংবাদিকদের সামনেই ভয়াবহ অভিযোগ

ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে গ্রামবাসী ভয় কাটিয়ে বিস্ময়কর তথ্য প্রকাশ করেন।

গ্রামবাসীরা বলেন,

> “সাইকুল ইসলাম ও তার লোকজন ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষের জমি দখল করে নিচ্ছে। যে প্রতিবাদ করে তাকেই মামলা দিয়ে ফাঁসানো হয় বা মারধর করা হয়।”

এমনকি মামলার বাদীকেও প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এই কারণে মামলার বাদী আদালতে হাজির হতে পারছেন না। পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

### আবারও রক্তক্ষয়ী হামলা

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই **৭ জানুয়ারি ২০২৬** তারিখে গ্রামের পক্ষে কথা বলায় মোঃ মানিক মিয়া ও মোঃ মনির মিয়ার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় তাদের হাত, পা ও মাথা মারাত্মকভাবে জখম করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক মোঃ মনির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে দুজনই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

### এলাকায় চরম উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

একাধিক হামলা ও মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

মামলার বাদী ও এলাকাবাসী দ্রুত জেলা প্রশাসন, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি—

* দোষীদের দ্রুত গ্রেপ্তার

* মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা

* সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *