পড়ালেখাকে শিশুদের জন্য আনন্দদায়ক বা ‘ফান’ করে তুলতে হবে: তারেক রহমান

স্বাধীন সংবাদ ডেস্ক: 

বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে শিক্ষকদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়ার কথাও জানান তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, পড়ালেখাকে শিশুদের জন্য আনন্দদায়ক বা ‘ফান’ করে তুলতে হবে। শিক্ষা ব্যবস্থাকে সহজ ও আকর্ষণীয় না করলে শিশুরা আগ্রহ হারিয়ে ফেলবে। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করা হবে। শিক্ষার্থীদের খেলাধুলাতেও উত্তীর্ণ হতে হবে। এতে শিশুদের অতিরিক্ত ইন্টারনেট ও অনলাইন আসক্তি থেকে দূরে রাখা সম্ভব হবে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিম গঠন করে পরিকল্পিতভাবে কাজ করা হবে। শিক্ষকদের প্রশিক্ষণ ও মানোন্নয়ন ছাড়া কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। শিশুদের ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। এ বিষয়ে বিএনপির শিশু-কেন্দ্রিক একটি আলাদা পরিকল্পনা রয়েছে।

‘মব কালচার’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, মানুষ গড়ার দিকে গুরুত্ব দিতে হবে। সঠিক শিক্ষা ও মূল্যবোধ না থাকলে সমাজে বিশৃঙ্খলা বাড়বে।

সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, অনেক প্রকল্প থাকলেও সেগুলো সঠিকভাবে সংগঠিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব সুবিধা এক জায়গায় আনার পরিকল্পনা রয়েছে।

দ্রব্যমূল্য প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়াতে হবে। কৃষক ও ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীরা অনৈতিকভাবে লাভ করলে তা নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণেও অনেক সময় দ্রব্যমূল্য বেড়ে যায়। কৃষকদের প্রণোদনার পাশাপাশি এসব বিষয়েও নজর দেওয়া জরুরি।

নগর ব্যবস্থাপনা ও ট্রাফিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-কেন্দ্রিক শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের কারণে যানজট বাড়ছে। ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ থাকবে। মেট্রোরেলের পাশাপাশি কম খরচে কার্যকর যোগাযোগ ব্যবস্থা হিসেবে মনোরেলের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

প্রবাসীদের বিষয়ে তারেক রহমান বলেন, অদক্ষ অবস্থায় বিদেশ যাওয়ার প্রবণতা কমাতে তরুণদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠালে তাদের জন্য প্রণোদনার ব্যবস্থাও রাখা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *