পরকীয়ায় বাধা দেওয়ায় শিশুকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের বন্দরে ১১ বছর বয়সী শিশু আরাফাত হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. রিপন বন্দর উপজেলার লাউসার এলাকার বাসিন্দা এবং মো. ইসলামের ছেলে।

মামলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২০ সালের ১৫ ডিসেম্বর রাতে শিশু আরাফাত হোসেন হত্যার ঘটনায় রিপনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি জানায়, একটি ছিনতাইয়ের ঘটনায় আরাফাতের কলেজপড়ুয়া বড় ভাই তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল।

এছাড়া, রিপন প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন, যার বিরোধিতা করেছিলেন আরাফাতের বাবা। এসব ঘটনার জেরে ক্ষোভ থেকে রিপন শিশু আরাফাতকে ইট দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে।

রাষ্ট্রপক্ষ জানায়, মামলার সাক্ষ্যপ্রমাণ ও বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *