পর্যটন নগরী কক্সবাজারে পাহাড় কাটার অভিযোগ, প্রশাসনের নীরবতায় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক:

পর্যটন নগরী কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বিকাশ বিল্ডিংয়ের পাশের একটি গলিতে প্রকাশ্যে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিনের বেলাতেই ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পাহাড় কেটে মাটি সরানো হচ্ছে, অথচ সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।

সরেজমিনে জানা যায়, কলাতলীর ব্যস্ত এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কেটে সমতল করার কাজ চলছে। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড় কাটার ফলে ভূমিধসের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “প্রতিদিন দুপুরে ট্রাক ও শ্রমিক দিয়ে পাহাড়ের মাটি সরানো হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

পরিবেশবাদীরা বলছেন, পাহাড় কাটা সম্পূর্ণ অবৈধ এবং এটি পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫–এর সুস্পষ্ট লঙ্ঘন। তারা দ্রুত অভিযান পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এলাকাবাসীর প্রশ্ন—পর্যটন নগরীর পরিবেশ এভাবে ধ্বংস হলেও প্রশাসন কেন নীরব? দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *