পূবাইলে আধুনিক থানা ভবনের নির্মাণকাজ শুরু, মিলবে উন্নত পুলিশি সেবা

খসরু মৃধা:

গাজীপুর মহানগরীর পূবাইলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরেক ধাপ এগিয়েছে। পূবাইল থানা পুলিশের দীর্ঘদিনের আবাসন ও অবকাঠামোগত সংকট নিরসনে অবশেষে নিজস্ব স্থায়ী ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে পূবাইল কলেজগেট সংলগ্ন সরকারি জমিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ ইসমাইল হাওলাদার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও দক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে প্রয়োজন যুগোপযোগী অবকাঠামো। দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনার কারণে পূবাইল থানাকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। নতুন স্থায়ী ভবন নির্মিত হলে পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা সহজ হবে।

তিনি আরও জানান, সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, দ্রুত ও মানসম্মত সেবা প্রদানই পুলিশের প্রধান লক্ষ্য। নতুন ভবন সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে পূবাইল থানার কার্যক্রম মিরের বাজার সংলগ্ন একটি ভাড়া ভবনে পরিচালিত হচ্ছে, যেখানে সীমিত জায়গার কারণে পুলিশ সদস্যদের কাজ করতে যেমন বেগ পেতে হয়, তেমনি সেবা নিতে আসা সাধারণ মানুষকেও নানা ভোগান্তির শিকার হতে হয়। ফলে নতুন ভবন নির্মাণের উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মহিউদ্দিন, সহকারী পুলিশ কমিশনার এশাদুর রহমান (এসি, পূবাইল-গাছা জোন), পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান এবং পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করে থানার কার্যক্রম নতুন স্থায়ী ভবনে স্থানান্তর করা সম্ভব হবে, যা পূবাইলবাসীর জন্য একটি যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *