ভ্রাম্যমান প্রতিনিধি:
নেত্রকোনা সদর উপজেলার ১২ নম্বর মদনপুর ইউনিয়নের মানাং গ্রামে প্রতিবন্ধী এক ব্যক্তির ফলজ গাছ কেটে দেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।
ভুক্তভোগী মো. কাসেম (৫৭), মৃত আব্দুল খালেকের ছেলে। অভিযোগ অনুযায়ী, গত ১২ জানুয়ারি ২০২৬ (সোমবার) সকাল থেকে বিকেল পর্যন্ত তার নিজস্ব জমির ফলজ গাছ কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার সৎ ভাই মো. নজরুল, রবিকুল ইসলাম, শফিকুলসহ তাদের সহযোগীরা।
এ সময় কাসেম ও তার স্ত্রী ঘটনাস্থলে প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভুক্তভোগী পরিবার বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ঘটনাটি নিয়ে পুরো গ্রামে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, গাছ কাটার সময় যদি অন্য কেউ উপস্থিত থাকতেন, তাহলে আরও বড় ধরনের সংঘর্ষ বা দুর্ঘটনা ঘটতে পারত। অনেকেই ঘটনাটিকে প্রভাব খাটিয়ে এবং শক্তির অপব্যবহার করে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন।
পরবর্তীতে গ্রামবাসী বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয় বলে জানা গেছে। পরে প্রতিবন্ধী মো. কাসেম বিজ্ঞ আমলী আদালত, নেত্রকোনা সদর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটির সি.আর. নম্বর ১১৮(১)/২০২৬। মামলার আসামি করা হয়েছে মো. নজরুল, রবিকুল ইসলাম, শফিকুল ও হুমায়ূন কবিরকে।
মামলার খবর জানার পর থেকে আসামিপক্ষের লোকজন বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বর্তমানে কাসেমের পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী পরিবার এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।