প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতৃত্বে গেজেট প্রকাশ, বাস্তবে রূপ নিল “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬”

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এর পার্শ্ববর্তী এলাকাকে নিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তোলার লক্ষ্যে “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬” এর সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। এর মধ্য দিয়ে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিক রূপ পেয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ-এর উদ্যোগ ও তদারকির ফলেই এ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের পথে এগিয়েছে।

জানা যায়, ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে ধারাবাহিক যোগাযোগ ও তদারকির মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়। ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬” অনুমোদন দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অধ্যাদেশটির সরকারি গেজেট প্রকাশিত হয়।

দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জবাসী একটি পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়ে আসছিলেন। নগর বিশেষজ্ঞদের মতে, নতুন এ কর্তৃপক্ষ গঠনের ফলে পরিকল্পিত নগরায়ন, পরিবেশ সুরক্ষা এবং টেকসই অবকাঠামো উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। বিশেষ করে ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ন প্রতিরোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, তথ্য-প্রযুক্তি ও পর্যটন খাতের বিকাশ এবং মানসম্মত নাগরিক জীবন গড়ে তুলতে এ কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে নারায়ণগঞ্জে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রশাসনের ধারাবাহিক উদ্যোগের ফলে একটি টেকসই, পরিবেশবান্ধব ও আধুনিক নগর প্রতিষ্ঠার পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *