প্রশাসনের নাকের ডগায় মাদকের হাট: দাউদকান্দি বাজারে দেখার কি কেউ নেই?

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

দাউদকান্দি বাজার পৌরসভা এলাকায় প্রশাসনের একেবারে হাতের নাগালে গড়ে উঠেছে মাদকের এক ভয়ঙ্কর স্বর্গরাজ্য। বাজারের উত্তর পাশে কেরোসিন ঘাট সংলগ্ন কাঠ বাজার এলাকাটি এখন আর শুধু কাঠ কেনাবেচার জন্য পরিচিত নয়; বরং প্রকাশ্য দিবালোকে এখানে চলছে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের রমরমা কেনাবেচা।

স্থানীয়দের অভিযোগ, কাঠ বাজারের নির্জন অংশকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মাদক কারবারিরা নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে। দিনের আলোতেই সেখানে মাদক বিক্রি হচ্ছে নির্বিঘ্নে। শুধু বিক্রিই নয়, একই জায়গায় বসানো হয়েছে মাদক সেবনের আস্তানা। ফলে ওই এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী এমনকি পথচারীদের চলাচলও হয়ে উঠেছে ভয়ংকর ও ঝুঁকিপূর্ণ।

একাধিক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সন্ধ্যা নামলেই কাঠ বাজার এলাকা কার্যত মাদকসেবীদের দখলে চলে যায়। বাইরের এলাকা থেকে আসা যুবকরাও এখানে এসে মাদক সেবন করে। প্রতিবাদ করতে গেলে মাদক কারবারিদের হুমকি ও ভয়ভীতির মুখে পড়তে হয়।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, প্রশাসনের এত কাছাকাছি এলাকায় এমন প্রকাশ্য মাদক বাণিজ্য চললেও কোনো কার্যকর অভিযান না হওয়ায় তারা হতাশ ও আতঙ্কিত। অনেকেই মনে করছেন, প্রশাসনের উদাসীনতা বা রহস্যজনক নীরবতার কারণেই মাদক কারবারিরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

এ বিষয়ে স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দাউদকান্দি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে থানার ওসির আচরণ নিয়েও রয়েছে নানা অভিযোগ। অভিযোগ রয়েছে, থানায় সাধারণ সেবা নিতে গেলে ওসি প্রায়ই খারাপ ব্যবহার করেন। শুধু সাধারণ মানুষই নয়, থানার এসআই ও এএসআইদের সঙ্গেও তার অসৌজন্যমূলক আচরণের কথাও জানা গেছে।

স্থানীয়রা বলছেন, থানার পক্ষ থেকে নিয়মিত টহল বা লক্ষ্যভিত্তিক অভিযান না হওয়ায় মাদক কারবারিরা আগের চেয়ে আরও প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। একাধিক বাসিন্দার মতে, প্রশাসনের ভেতরের এই গাফিলতি কিংবা দায়িত্ব পালনে অনীহাই মাদক চক্রের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে।

একাধিক সূত্র দাবি করেছে, থানার অভ্যন্তরীণ এই শৃঙ্খলাহীনতা ও দুর্বল তদারকির সুযোগ নিয়েই মাদক চক্র আরও শক্তিশালী হয়ে উঠছে। মাদকবিরোধী অভিযান কার্যকর না হওয়ায় অপরাধীরা প্রশাসনকে তোয়াক্কা করছে না।

স্থানীয় সচেতন মহল বলছেন, দাউদকান্দি বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এভাবে মাদকের হাট বসে থাকাটা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তারা দ্রুত প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ, নিয়মিত অভিযান এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর প্রশ্ন—প্রশাসনের নাকের ডগায় যদি এমন মাদক বাণিজ্য চলে, তবে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায়? দাউদকান্দি বাজার কি সত্যিই মাদক কারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, নাকি প্রশাসন এখনও নীরব দর্শকের ভূমিকায় থাকবে—সেটিই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *