স্টাফ রিপোর্টার:
দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের পরিস্থিতির মধ্যেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা কিংবা অনলাইন ক্লাসে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার পক্ষেই সরকার অবস্থান নিয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এ সময় তিনি বিদ্যালয়গুলোর অবস্থা, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন।
প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত স্কুল বন্ধ রাখার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে। আগামী জুন-জুলাই মাসে শিক্ষা খাতে বেশ কিছু নতুন ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই মাঠপর্যায়ের বাস্তব অবস্থা যাচাই এবং প্রস্তুতি মূল্যায়নের অংশ হিসেবে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিটি বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সংক্রমণের কারণে আপাতত সরাসরি ক্লাস বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে মন্ত্রণালয় মনে করছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রাথমিক স্তরের শিশুদের জন্য অনলাইন ক্লাস খুব বেশি কার্যকর নয়। তাই শিক্ষার্থীদের সঠিকভাবে শেখার সুযোগ নিশ্চিত করতে সশরীরে উপস্থিত থেকে পাঠদানকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে। পরিস্থিতির অবনতি হলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু রাখার পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোও এগিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের এই ধারাবাহিক পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের বাস্তব চিত্র সরকারের উচ্চপর্যায়ে প্রতিফলিত হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।