ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১ এ দেখা যেতে পারে রোনালদোকে

স্বাধীন বিনোদন ডেস্ক:

হলিউডের জনপ্রিয় অ্যাকশন রেসিং ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেল সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা যাচ্ছে। প্রথমে পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছিল, ২০০৯ সালের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সিক্যুয়েল ‘লস বানডোলেরস’-এ রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে সিনেমায় দেখা যায়নি।

তবে পরবর্তীতে ভিন ডিজেল ক্যাপশন সামান্য পরিবর্তন করে লিখেছেন, “সবাই জিজ্ঞেস করছিল, সে কি ‘ফাস্ট’ মিথোলজির অংশ হবে? আমি শুধু এটুকু বলতে পারি, সে একজন আসল মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছিলাম।” এই পরিবর্তনেই ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। নেটিজেনরা অনুমান করছেন, এবার কি সত্যিই এই সুপারস্টার অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে পা রাখছেন?

কমেন্ট সেকশনে ভক্তরা রোনালদোর সম্ভাব্য চরিত্র নিয়ে জল্পনা ছড়াচ্ছেন। কেউ কেউ কল্পনা করছেন, তিনি কী ধরনের চরিত্রে অভিনয় করবেন। যদিও এখনো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ তার অংশগ্রহণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তাই বিষয়টি আপাতত জল্পনার পর্যায়েই রয়েছে।

উল্লেখ্য, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-ই দীর্ঘদিনের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা হতে যাচ্ছে। এতে ভিন ডিজেলের সঙ্গে ফের দেখা যাবে ডোয়াইন জনসন (হবস), জেসন মোমোয়া (ডান্তে রেয়েস) এবং জেসন স্ট্যাথাম (ডেকার্ড শ)-কে। এছাড়াও প্রয়াত পল ওয়াকারকেও (ব্রায়ান ও’কনার) কোনোভাবে গল্পে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে, যদিও তা কীভাবে হবে, তা এখনও স্পষ্ট নয়।

মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যমে জল্পনা চলছে যে সিনেমাটি ২০২৭ সালের এপ্রিল মাসে মুক্তি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *