মোহাম্মদ হোসেন হ্যাপী:
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলনের পর মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার গাবতলী পুলিশ লাইন এলাকায় সেঞ্চুরি গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, গত দুই মাস ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করেনি। এমনকি চলতি সপ্তাহের সোমবার বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো সমাধান না পাওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নেমে আন্দোলন শুরু করেন।
সকালে শ্রমিকরা গাবতলী পুলিশ লাইন এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলে যাওয়া মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
কারখানার কাটিংম্যান আব্দুল খালেক বলেন, “দুই মাস ধরে আমাদের বেতন ও ওভারটাইমের টাকা দেওয়া হচ্ছে না। কয়েকবার মালিকপক্ষকে বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট সমাধান দেয়নি। বাধ্য হয়েই আমরা সড়কে নেমেছি।” তিনি আরও বলেন, বকেয়া বেতন পরিশোধ না করা হলে শ্রমিকরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ, শিল্প পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। মালিকপক্ষ দ্রুত বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ তুলে নেন।
পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে পুলিশ জানায়। তবে শ্রমিকরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের পাওনা পরিশোধ না করা হলে তারা পুনরায় আন্দোলনে নামবেন।