শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে ৬ সদস্যবিশিষ্ট একটি শিক্ষা উপদেষ্টা কমিটি গঠন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। সম্প্রতি প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে পরামর্শ ও সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। গত ১০ মার্চ ২০২৬ তারিখে প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত পত্রে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
গঠিত কমিটিতে শিবগঞ্জ সরকারি এমএইচ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলামকে আহ্বায়ক এবং মোকামতলা মীর শাহে আলম–ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, মোমেনা বক্কর কৃষি কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম এবং আলিয়ারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস ছালাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই উপদেষ্টা কমিটি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষা সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিমন্ত্রীর কাছে নিয়মিত পরামর্শ প্রদান করবে। পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সৃষ্টি, শিক্ষার মান বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নেও কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়ে গঠিত এই উপদেষ্টা কমিটি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। তাদের অভিজ্ঞতা ও পরামর্শের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বের করা সহজ হবে।
এদিকে শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, শিবগঞ্জ উপজেলায় শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। বিশেষ করে শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে এ কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরাও আশা প্রকাশ করেছেন যে, এই উপদেষ্টা কমিটির মাধ্যমে শিবগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আশা প্রকাশ করেছেন, গঠিত শিক্ষা উপদেষ্টা কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে শিবগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।