আব্দুর রহিম জয়:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন বেগম খালেদা জিয়া। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সংসদ নির্বাচনের জন্য ২৩২ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে বগুড়ার দুটি আসনে নির্বাচন করে আসছেন। বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে তিনি কখনও পরাজয়ের মুখ দেখেননি। বগুড়া-৭ আসনে বিগত ১২টি নির্বাচনের মধ্যে বিএনপি ছয়বার (খালেদা জিয়া পাঁচবার), জাতীয় পার্টি তিনবার, আওয়ামী লীগ দুবার ও স্বতন্ত্র (বিএনপির সমর্থনে) প্রার্থী একবার জয়ী হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। সংবাদটি বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে। এছাড়া বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আলহাজ মোশারফ হোসেন ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে গোলাম মোঃ সিরাজের নাম ঘোষণা করা হয়েছে। তবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন স্থগিত রয়েছে।