মোঃ আনজার শাহ:
কুমিল্লার বরুড়ায় সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থা। সোমবার সকাল ১০টায় উপজেলার এগারগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. এইচ. এম. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার, বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক স্বপন মজুমদার এবং এগারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার সাকি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল বাসার। সভায় বক্তব্য রাখেন এগারগ্রাম গফুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিলহাজুর রহমান, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকরামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে মেধাবী শিক্ষার্থীরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাজীবন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সহায়তা করে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে এলে কোনো শিশুই শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকবে না।
স্থানীয়রা বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে এবং ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাও কমে আসবে।
শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।