বিজয়ী ডা. জাহিদ হোসেনকে পরাজিত প্রার্থীর সৌহার্দ্য ও শুভেচ্ছা জ্ঞাপন

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর-৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও সৌহার্দ্য বিনিময় করেছেন পরাজিত জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম।

শুক্রবার রাতে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের পৈত্রিক বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জের মতিহারায় এই শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচন শেষ হয়েছে—এখন এলাকার উন্নয়নে কাজ করবো। পারস্পরিক সহযোগিতায় জনগণের কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। এলাকার জনগণের উন্নয়নের ক্ষেত্রে আমরা কোনো দলই দ্বিমত পোষণ করবো না।

তিনি বলেন, বিগত সময়ে বঞ্চিত ও পিছিয়ে পড়া দিনাজপুর-৬ আসনের (বিরামপুর, নবাবগঞ্জ, হিলি হাকিমপুর, ঘোড়াঘাট) চারটি উপজেলার জনগণ দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন, ইনশাআল্লাহ।

ডা. জাহিদ হোসেন বলেন, এখন আমার নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার দৃশ্যমান উন্নয়নের মাধ্যমে যেন প্রতিফলন ঘটাতে পারি—এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে দিনাজপুর-৬ আসনের শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এই দুই শীর্ষ পর্যায়ের নেতা। রাজনৈতিক ভিন্নমত থাকলেও এলাকার স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাদ্দিস এনামুল হকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *