বিজয়ের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে: ডা. শাহাদাত হোসেন

কামরুল ইসলাম:

পেছনের দরজা দিয়ে নয়, বরং ৩০০ সংসদীয় আসনে বিজয় অর্জনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে চায়—এমন মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, বিএনপি বরাবরই জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং ভবিষ্যতেও শুধুমাত্র জনগণের রায়ের মাধ্যমেই দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায়।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার বিকেলে কাজীর দেউড়িস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম–৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন। এ কর্মীসভায় চট্টগ্রাম–৯ আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম–৯ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আবুল হাশেম বক্করের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।

ডা. শাহাদাত হোসেন বলেন, “আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসবেন। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেবেন। দেশের স্বার্থে ধানের শীষ প্রতীক বেছে নেবেন।” তিনি আরও বলেন, বিএনপি একমাত্র দল যার দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। দেশ পরিচালনায় কেবল রাজনৈতিক দল চালানোর অভিজ্ঞতাই যথেষ্ট নয়—এর জন্য প্রয়োজন সাহস, জ্ঞান, দক্ষতা ও চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা, যা বিএনপির রয়েছে।

তিনি প্রতিটি ভোটকেন্দ্রে ধাপে ধাপে সেন্টার কমিটি গঠনের নির্দেশ দিয়ে বলেন, এই কমিটিতে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি সমাজের নিরপেক্ষ ও সম্মানিত ব্যক্তিদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

ডা. শাহাদাত আরও বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মানুষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল জনসমাগম—তা প্রমাণ করে আল্লাহ যাকে সম্মান দেন, তাকে কেউ অপমান করতে পারে না। তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের অস্তিত্বের পরীক্ষা। ঐক্যবদ্ধ হয়ে আমরা আবু সুফিয়ান ভাইকে আমাদের এলাকার সংসদ সদস্য করব এবং তারেক রহমানকে রাষ্ট্রনায়ক বানাব।”

প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান বলেন, “আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। বিএনপি জনগণের দল।” তিনি বলেন, চট্টগ্রাম–৯ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তবে তারা চান প্রতিদ্বন্দ্বীরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভোটে ফিরে আসুক। “আমরা খালি মাঠে গোল দিতে চাই না। মাঠে খেলেই বিজয়ী হতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি মাঠে কার শক্তি কতটুকু—তা প্রমাণ হয়ে যাবে,” বলেন তিনি।

সভাপতির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, “ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে।” তিনি এখন থেকেই ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে কাজ শুরু করে তৃণমূল পর্যন্ত দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, নুরুল আলম রাজু, খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু, মো. মহসিন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, শাহেদ বঙ, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *