জালালুর রহমান:
মৌলভীবাজারের বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।
শনিবার (১১ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযানটি পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার ৩ নম্বর দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১২,৯০০ পিস ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, ২,৫০০ পিস ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম এবং ১৮,০০০ পিস কাভেরী মেহেদী। সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৬০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান জানান, উদ্ধারকৃত পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।