মোশারফ হোসেন জসিম পাঠান:
নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাল ইউনিয়নের সুতিয়াপাড় গ্রামের মৃত আলতু রহমান ওরফে আব্দুর রহমানের ছেলে মোঃ ইউসুফ আলীসহ তার পরিবারকে ব্যাপক মারধর করা হয়েছে। গত ২৬/৩/২৬ ইং তারিখে একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে মোঃ ইকবাল হোসেনসহ তার লোকজন এই হামলা চালায়। এ সময় নারীসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনার পর পুরো গ্রাম ও এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকরা তথ্য সংগ্রহে সরেজমিনে গেলে এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল এবং সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটে।
ঘটনার পর মোঃ ইউসুফ আলী বাদী হয়ে মদন থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে প্রতিপক্ষ মোঃ ইকবাল হোসেনসহ ৫ জন এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়। যার ভিত্তিতে মদন থানায় মামলা নং ১৭/৪৩ রুজু করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, উল্লেখিত ঘটনার পর যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।