মোঃ আব্দুল গফুর সিকদার:
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য জায়গার মতো মনপুরায়ও নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে। রবিবার (০৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা কমপ্লেক্স ভবনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু মুসা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনপুরা থানা অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবদুল্লাহ নোমান, বিএনপি যুবদলের আহ্বায়ক মো. সামছুদ্দিন আহম্মেদ মোল্লা, ডাক্তার মো. কামালউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও মনপুরা উপজেলা জামায়াতের আমিরসহ অন্যান্য সরকারি কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, নারী-পুরুষের মধ্যে বৈষম্য না করে নারীদের এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়ার প্রয়োজন রয়েছে।
নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই দিবসটির মূল বার্তা।
আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস মূলত শ্রমজীবী নারীদের অধিকার আন্দোলনের সঙ্গে জড়িত। বক্তারা নারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এছাড়াও সব শ্রেণি-পেশার নারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।