নাছিমা খাতুন সুলতানা:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১০ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে গৌরীপুর উপজেলার ৪নং মাওহা ইউনিয়নের কিল্লাতাজপুর গ্রামের বাসিন্দা মোঃ আবুল কাশেম তার সহযোগীদের নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় এবং নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
হামলার সময় নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় একই গ্রামের মৃত ফজলে আলী চৌধুরীর ছেলে মোঃ সেলিম চৌধুরী বাদী হয়ে ১৬ মার্চ ২০২৬ তারিখে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় মোঃ আবুল কাশেমসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, মামলা দায়েরের পর থেকে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ভুক্তভোগীরা দাবি করেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল এবং পূর্ববর্তী একাধিক মামলায় সেলিম চৌধুরীর পক্ষে রায় হওয়ায় প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালায়।
এছাড়াও, বিতর্কিত জমির ওপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করে জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
বর্তমানে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তারা জেলার ঊর্ধ্বতন প্রশাসন, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন যে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।