স্বাধীন সংবাদ ডেস্ক:
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, অপরাধের বিভিন্ন ধরণ থাকলেও মানবতাবিরোধী অপরাধ এমন এক জঘন্য অপরাধ, যা কোনো পরিস্থিতিতেই ক্ষমার যোগ্য নয়। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় এই সত্যকে আবারও প্রমাণ করেছে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে বরকইট ইউনিয়ন এলডিপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেদোয়ান আহমেদ বলেন, “মানবতাবিরোধী অপরাধে দেশে দুটি রাজনৈতিক দল দায়ী—একটি আওয়ামী লীগ, আরেকটি জামায়াতে ইসলামী। দেশ বিভাজন থেকে স্বাধীনতার আগে-পরে জামায়াতে ইসলামী যে মানবতাবিরোধী অপরাধ করেছিল, সে অপরাধে তাদের বহু নেতাকে সাজা দিয়েছেন শেখ হাসিনার সরকার। একই ধরনের অপরাধে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার বাহিনীর সদস্যদেরও একই সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নামে আর কোনো সংগঠন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জনগণ তাদের আর রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করবে না। তবে যারা পরিচ্ছন্নভাবে আওয়ামী লীগের রাজনীতি করেছেন কিংবা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, তাদের সবাই মানবতাবিরোধী অপরাধী নন। নিরীহ ও স্বচ্ছ ভাবমূর্তির যাঁরা আছেন, তারা এখন অন্য রাজনৈতিক চিন্তা করুন।”
এ সময় তিনি স্থানীয় আওয়ামী লীগের নিরপরাধ ও নিরীহ নেতাকর্মীদের এলডিপিতে যোগদানের আহ্বান জানান। তার দাবি, “দেশে নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণ পরিবর্তন চায়। যারা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী তারা এলডিপিতে যোগ দিলে আমরা আরও শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে পারব।”
এলডিপি মহাসচিব অভিযোগ করেন, বিগত সময়ে আওয়ামী লীগ দেশে চরম স্বৈরাচারী রাজনীতি চর্চা করেছে। মানবতাবিরোধী অপরাধ থেকে শুরু করে নির্বাচন ও প্রশাসনিক প্রক্রিয়ায়ও দলটি ব্যাপক অনিয়ম ও অন্যায় করেছে। তিনি বলেন, “মানুষ এখন এসব অন্যায়ের বিচার দেখতে চায়। ট্রাইব্যুনাল সেই বিচার শুরু করেছে, যা দেশকে সঠিক পথে ফেরানোর সূচনা।”
বরকইট ইউনিয়ন এলডিপির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—উপজেলা এলডিপি সভাপতি একে এম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম এবং উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।
সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজ, পৌর এলডিপির সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি, বরকইট ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি আসাদুজ্জামান দুলাল, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মু. সাখাওয়াত হোসেন, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন, বরকইট ইউনিয়ন গণতান্ত্রিক কৃষকদল সভাপতি জহিরুল ইসলাম ও ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি এনামুল হক প্রমুখ।
সম্মেলনে এলডিপির নেতারা বলেন, দেশে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতির প্রয়োজন। মানবতাবিরোধী অপরাধের বিচার এবং নতুন রাজনৈতিক বিকল্প তৈরির লক্ষ্যে এলডিপি মাঠে কাজ করছে। সম্মেলনের মাধ্যমে বরকইট ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে নেতারা আশা প্রকাশ করেন।