বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী উৎসব ‘মাহা সাংগ্রাই পোয়ে’ উপলক্ষে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি। সোমবার সকালে ঐতিহাসিক রাজার মাঠ থেকে শুরু হওয়া এ র্যালিতে অংশ নেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষায় এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে উৎসবটি আরও সমৃদ্ধ ও বর্ণিল হয়ে ওঠে।
র্যালিতে মারমা, চাকমা, ত্রিপুরা, বমসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। ঢোল, বাঁশি ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। রঙিন ব্যানার, ফেস্টুন এবং সাংস্কৃতিক প্রতীক নিয়ে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় রাজার মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক দলগুলো নৃত্য ও সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। এ সময় পর্যটক ও স্থানীয় বাসিন্দারা র্যালি উপভোগ করতে রাস্তার দুই পাশে ভিড় জমান।
আয়োজকরা জানান, মাহা সাংগ্রাই পোয়ে মূলত পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব, যা শান্তি, সম্প্রীতি ও নতুন বছরের শুভ কামনার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করবে।
উৎসবকে কেন্দ্র করে বান্দরবানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।